ভবানীপুর উপনির্বাচনে জয়ী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার দুপুর ১২টায় এমএলএ হিসেবে শপথ নিচ্ছেন। শপথগ্রহণ হবে পশ্চিমবঙ্গ বিধানসভায়। একই সঙ্গে শপথ নেবেন সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রের জয়ী দুই প্রার্থীও।
এর আগে গত সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় স্পিকার বিমান ব্যানার্জি শপথগ্রহণের বিষয়ে পশ্চিমবঙ্গের পরিষদীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গে আলোচনা করেন।
৭ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমএলএ হিসেবে বিধানসভায় শপথ নেবেন এবং সেই অনুষ্ঠানে রাজ্যপালকে শপথবাক্য পাঠ করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
সংবিধান অনুযায়ী, লোকসভার ক্ষেত্রে শপথগ্রহণ করানোর দায়িত্ব রাষ্ট্রপতির। মন্ত্রী, বিধায়কদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। তবে রাজ্যপাল চাইলে বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর ক্ষমতা অন্য কারো হাতে দিতে পারেন। সে ক্ষেত্রে সাধারণত তা স্পিকারের হাতে তুলে দেয়া হয়। / আনন্দবাজার ও এনডিটিভি