৩৩টি দেশের ভ্রমণকারীদের মধ্যে যারা টিকার পূর্ণ ডোজ নিয়েছেন, তাদের জন্য ৮ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে যাবে। শুক্রবার (১৫ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্র বলছে, ভ্রমণের আগে ৭২ ঘণ্টায় যেসব টিকা নেওয়া ব্যক্তির করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসবে, তারা যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন। এ ক্ষেত্রে কোয়ারেন্টিনে থাকার নিয়মও তুলে নিয়েছে বাইডেন প্রশাসন।যারা অ্যাস্ট্রাজেনেকাসহ চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নিয়েছেন, যুক্তরাষ্ট্রে প্রবেশে তাদের কোনো বাধা থাকবে না।
আগামী ৮ নভেম্বর থেকে ফ্রান্স, জার্মানি, ইতালিসহ ইউরোপের শেনজেন অঞ্চলের ২৬টি দেশ এবং ব্রিটেন, আয়ারল্যান্ড, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান ও ব্রাজিলের পূর্ণডোজ গ্রহীতা পর্যটকরা যুক্তরাষ্ট্র ভ্রমণে যেতে পারবেন।
বিদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর কড়াকড়ি প্রথম আরোপ করা হয়েছিল ২০২০ সালের জানুয়ারিতে। প্রাথমিকভাবে চীন থেকে আগতদের ওপর দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা। পরে সেই নিষেধাজ্ঞার আওতা বাড়ানো হয়।