ইরানের সংগে ছয়টি দেশের ২০১৫-এর পরমাণু সমঝোতা পুনরায় কার্যকর করার লক্ষ্যে আলোচনা চলতি মাসে আবার শুরু হচ্ছে। ইরানের প্রধান আলোচক ও উপ-পররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি-কানি জানিয়েছেন, তাঁর সরকার ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকে সম্মত হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
অন্যদিকে, আলোচনায় বসতে সম্মতি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনও। ইরান পরমাণু সমঝোতার বাকি স্বাক্ষরকারী দেশগুলো হলো- যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া।
২০১৫-তে ছয় বিশ্বশক্তির সংগে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরে মধ্যস্থতার ভূমিকা পালন করে ইইউ। ওই সমঝোতার মাধ্যমে ইরানের ওপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু, ২০১৮-তে যুক্তরাষ্ট্র একতরফা সিদ্ধান্তে ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে।
যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপের বিপরীতে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায়নি, তবে সমঝোতার ২৬ নম্বর ধারা অনুযায়ী নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিয়ে দেয়।
এই অবস্থায় পরমাণু সমঝোতায় আবার যুক্তরাষ্ট্রের ফিরে আসা এবং ইরানের পক্ষ থেকে তার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়নের জন্য গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ভিয়েনায় পাশ্চাত্যের সংগে ছয় দফা আলোচনা করে ইরান। তবে, সেসব আলোচনা থেকে কোনো ফল আসেনি।