বিক্ষোভে অংশ নেয়া মাত্র ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।
শুক্রবার অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভের সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এসময় নিহত হয় ওই কিশোর। এছাড়া গুরুতর আহত হয় আরো ছয়জন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোহাম্মদ দাদাস নামের ওই কিশোর পেটে গুলি লাগার পর শুক্রবার হাসপাতালে মারা যায়।
রেড ক্রিসেন্ট জানিয়েছে, পূর্বাঞ্চলীয় নাবলুসের বেইত দাজান গ্রামে ওই বিক্ষোভে টিয়ারশেল ছোড়ে ইসরায়েলি সেনারা।তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।
বেইতায় পৃথক সংঘর্ষে আরও দুই ফিলিস্তিনি আহত হয়েছেন। পশ্চিম তীরের ওই গ্রাম থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং সেনাবাহিনীকে সরিয়ে দেওয়ার জন্য মাসের পর মাস সেখানে লড়াই করে যাচ্ছেন ফিলিস্তিনিরা।