অস্ট্রিয়ার চ্যান্সেলর আলেক্সান্ডার শ্যালেনবার্গ বলেন, স্থানীয় সময় সোমবার থেকে এই আদেশ কার্যকর হবে। টিকা না নেওয়া ব্যক্তিরা শুধু মাত্র কাজ করা বা খাবার কেনার জন্য বের হতে পারবেন। মহামারীতে এ ধরনের লকডাউন এটাই প্রথম।
শ্যালেনবার্গ আরো বলেন, কোভিডের পূর্ণ টিকা নেননি এমন প্রায় ২০ লাখ মানুষ লাকডাউনের আওতায় আসবেন। তারা রেস্তোরাঁ, সিনেমা হল ও এমন কোনো স্থানে যেতে পারবেন না যেখানে ২৫ জনের বেশি লোকের সমাগম ঘটে। দিন দিন কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটিতে সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছে ৬৫ শতাংশ নাগরিককে। গত এক সপ্তাহে প্রতি ১ লাখে ৮শ জনের বেশি মানুষের কোভিড শনাক্ত হয়েছে। ইউরোপে এটাই সর্বোচ্চ আক্রান্তের হার।
দেশটিতে টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য লকডাউনের ঘোষণা আসতে পারে এমন খবর প্রকশ হওয়ার পর গত সপ্তায় রাজধানী ভিয়েনার চ্যান্সেলারির বাইরে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। তাদের ব্যানারে লেখা ছিলো, আমাদের দেহ, আমাদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। / বিবিসি