করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে আবারও উদ্বেগ আর শঙ্কার মধ্যে পড়েছে পুরো বিশ্ব। সংক্রমণ ঠেকাতে সীমান্তে কড়াকড়ির পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও এশিয়ার দেশগুলো।
এরমধ্যে আন্তর্জাতিক যাত্রীদের জন্য পিসিআর টেস্ট বাধ্যতামূলক করেছে যুক্তরাজ্য। একই সাথে দোকান, শপিং মল, গণপরিবহনে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশ সাউথ আফ্রিকার সঙ্গে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।
করোনার তৃতীয় ও চতুর্থ ঢেউ মোকাবেলায় যখন টালমাটাল পুরো বিশ্ব ঠিক তখনই গত বুধবার সাউথ আফ্রিকায় শনাক্ত হয় করোনার আরও শক্তিশালী ধরন ওমিক্রন। এতে হঠাৎ করেই মহামারি নিয়ে আবার নতুন শঙ্কার মধ্যে পড়েছে বিশ্ব।
করোনার সর্বশেষ শনাক্ত হওয়া ধরনটি নিয়ে বেশ চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা। কেউ বলছেন, এটিই এখন পর্যন্ত করোনার সবচেয়ে বিপজ্জনক ধরন। এর বিরুদ্ধে টিকা কাজ করবে কিনা, কত দ্রুত এটি ছড়াবে, উপসর্গ কতটা ভয়াবহ হবে সেসব নিয়ে এখন আরও বিস্তারিত জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।