তুরস্কে সোমবারও লিরার দাম পড়ে যায়। কিন্তু দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান টিভিতে ভাষণ দিয়ে জানিয়ে দেন, তিনি আর্থিক নীতি বদলাবেন না। এরদোয়ান বলেছেন, ইসলাম মেনেই তিনি সুদের হার বাড়াচ্ছেন না। এ ভাষণের পর লিরার দাম সামান্য বাড়ে।
এরদোয়ান তার ভাষণে বলেছেন, তিনি ইসলামকে অনুসরণ করেই চলবেন। সেজন্যই তিনি সুদের হার কম করতে বলেছেন। তবে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করার কথা বলেছেন এবং পেনশন তহবিলে আরও অর্থ দেওয়ার কথা জানিয়েছেন।
এরদোয়ান বলেছেন, একজন মুসলিম হিসেবে আমি সেটাই করব, যা আমাকে ধর্ম করতে বলে। সেটাই আমার কাছে একমাত্র নীতিনির্দেশিকা।
সোমবার একসময় লিরার দাম ডলারের তুলনায় ১১ শতাংশ কমে যায়। বেলার দিকে দাম কিছুটা বাড়ে। লিরার দাম কমে যাওয়ায় তুরস্কের সাধারণ মানুষ এখন নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে বিপাকে পড়েছেন। এরদোয়ানের ভাষণের পর লিরার দাম ১০ শতাংশ বাড়ে। নভেম্বরের গোড়া থেকে লিরার দাম ৪৫ শতাংশ পড়ে গেছে। সোমবার দেশটির প্রধান শেয়ার বজারে একসময় বেচাকেনা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।
গতমাসে এরদোয়ান বলেছিলেন, তিনি আর্থিক স্বাধীনতার লড়াই লড়ছেন। লক্ষ্য হলো, তুরস্ককে বিদেশি বিনিয়োগের নির্ভরতা থেকে বের করে আনা। / ডয়চে ভেলে, এপি, এএফপি