স্পেনের ক্যানারি দ্বীপে পৌঁছানোর চেষ্টাকালে জীর্ণশীর্ণ একাধিক নৌকা থেকে ৩০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্পেনের সমুদ্র উদ্ধার সেবা বিভাগ। তবে, এই দ্বীপে পারাপারের চেষ্টার সময় অন্তত আরও ১৮ জন অভিবাসী মারা গেছেন।
অভিবাসন পর্যবেক্ষণ সংস্থা ওয়াকিং বর্ডারসের প্রতিষ্ঠাতা হেলেনা মালেনো বলেন, আফ্রিকা থেকে স্পেনের ল্যানজারোট দ্বীপে পারাপারের চেষ্টার সময় অন্তত ১৮ জন মারা গেছেন। তবে প্রাণহানির এই সংখ্যা বার্তা সংস্থা রয়টার্স নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।
রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা যায়, গতকাল মঙ্গলবার ভোরের দিকে লাল কম্বলে মোড়ানো কয়েক ডজন অভিবাসী একটি উদ্ধারকারী নৌকায় করে আর্গুইনগুইন বন্দরে পৌঁছেছেন। এ সময় প্রতিরক্ষামূলক পোশাক ও মুখোশ পরা জরুরি কর্মীরা অভিবাসীদের বন্দরে পৌঁছাতে সাহায্য করেন।