মঙ্গলবার ভারি বৃষ্টিপাতে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আবার ভূমিধ্বস হয়েছে। এতে কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছে। এছাড়া, ঐ দিনে প্রাকৃতিক দুর্যোগে আরও ৩৫ জন গুরুতর আহত হয়েছে।
তবে, প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও ভূমিধসের সম্ভাবনা থাকায় পাহাড়ি অঞ্চলটি থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে বাসিন্দাদের।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ইউএনজিআরডি’র পরিচালক জাদার গাভিরিয়া জানিয়েছেন, মৃতদের মধ্যে কয়েকজন ভেনিজুয়েলার নাগরিক রয়েছে। উদ্ধারকর্মীরা সেখান থেকে কাদামাটি সরিয়ে ফেলার চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০টি ঘরবাড়ি ও স্থাপনা।
ভূমিধসে কাদামাটির নীচে আরও কেউ চাপা রয়েছে কিনা- সেটি অনুসন্ধানে চলছে উদ্ধার অভিযান। হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থাও সংকটাপন্ন।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইভান দুক। সবশেষ ২০১৯ সালে ভয়াবহ ভূমিধসে অঞ্চলটিতে প্রাণ হারায় ২৮ জন। / এএফপি