নতুন শনাক্ত রোগীর কমার সাথে সাথে করোনা মহামারিতে সারা বিশ্বে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৫ হাজার মানুষ। এ সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ১৫ লাখের নিচে।
এদিকে গত একদিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। এতে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪১ কোটি ২০ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৮ লাখ ৩৩ হাজার।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ওয়ার্ল্ডওমিটারসের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৪৪৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দুই হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৮ লাখ ৩৩ হাজার ৯০৩ জনে।
এ সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮২ হাজার ১৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে সাড়ে ৩ লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ কোটি ২০ লাখ ৭৬ হাজার ৮৯৮ জনে।