ব্রাজিলের রিও ডি জেনেরিও রাজ্যের পেট্রোপলিসে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের পর অন্তত ৪৪ জন নিহত হয়েছে। রিও ডি জেনিরো ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের সর্বশেষ প্রতিবেদন অনুসারে কতজন লোক নিখোঁজ রয়েছে তা অজানা।
রিওর সিভিল ডিফেন্স অনুসারে, সমস্ত ফেব্রুয়ারির ঐতিহাসিক গড় থেকে এক বিকেলে শহরে বেশি বৃষ্টি হয়েছিল, এবং পৌরসভা পেট্রোপলিসে জনবিপর্যয়ের ঘোষণা করেছে।
সংবাদমাধ্যম বলছে, রিও ডি জেনেরিও থেকে ৬৮ কিলোমিটার দূরে পাহাড়ের মধ্যে অবস্থিত পেট্রোপলিস শহরে প্রবল বৃষ্টি আঘাত হানার ফলে রাস্তাগুলো যেন নদীতে পরিণত হয়েছে। পাহাড়ের পার্শ্ববর্তী এলাকার বাড়িগুলো ধ্বংস হয়েছে এবং বহু গাড়ি পানিতে ভেসে গেছে। কর্মকর্তারা বলছেন, বন্যা ও ভূমিধসে প্রায় ৮০টি বাড়ি ধ্বংস হয়েছে।
রাজধানী থেকে ৬৮ কিলোমিটার দূরে পেট্রোপলিস শহরটি অবস্থিত। এ শহরেই ব্রাজিলের সর্বশেষ সম্রাট দ্বিতীয় পেড্রোকে সমাহিত করা হয়। সামজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে দেখা গেছে, শহরটির অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে, বন্যার পানিতে অনেক গাড়ি ভেসে গেছে। এছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক দোকান-পাট। ছয় ঘণ্টারও কম সময়ের মধ্যে শহরটির কিছু এলাকায় ২৬০ মিলিমিটার পানি জমে গেছে।
দেশটির কর্তৃপক্ষ বলছে, ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আর না থাকলেও আগামী কয়েক ঘণ্টা মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে।