দক্ষিণ-পশ্চিম বুরকিনা ফাসোর একটি অস্থায়ী সোনার খনির স্থানে সোমবার বিস্ফোরণে প্রায় ৬০ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে এ তথ্য।
স্থানীয় কর্মকর্তা এবং হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, দেশের দক্ষিণ-পশ্চিমে গোমগোম্বিরোর একটি অস্থায়ী সোনার প্যানিং সাইটে ডিনামাইটের একটি স্টক বিস্ফোরণের সময় বিস্ফোরণটি ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বুরকিনা ফাসোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পনি প্রদেশের একটি স্বর্ণখনিতে বিস্ফোরণে প্রায় ৬০ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হন। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন প্রাদেশিক হাইকমিশনার অ্যান্তোনি দোউআম্বা।
এদিকে বিস্ফোরণের পর দুর্ঘটনাস্থলের বেশ কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে বিস্ফোরণস্থলে টিনের বহু বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে বলে দেখা যায়। এছাড়া বহু গাছও সেখানে ভেঙে পড়েছে। অন্যদিকে প্রাণ হারানো ব্যক্তিদের মৃতদেহ কাপড়ে ঢাকা অবস্থায় মাটিতে পড়ে থাকতেও দেখা যায়।
রয়টার্স বলছে, বুরকিনা ফাসোতে বহু সংখ্যক স্বর্ণখনি রয়েছে এবং সেগুলো মূলত আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানি পরিচালনা করে থাকে। তবে এর পাশাপাশি দেশটিতে আরও অনেক ছোট ছোট স্বর্ণখনি রয়েছে এবং কোনো ধরনের পর্যবেক্ষণ বা নিয়মনীতি ছাড়াই অনানুষ্ঠানিকভাবে সেগুলো পরিচালিত হয়ে থাকে।
অনানুষ্ঠানিক ভাবে পরিচালিত এসব খনিতে শিশুদেরকে হরহামেশাই কাজ করতে দেখা যায় এবং পর্যবেক্ষণ বা নিয়মনীতির তোয়াক্কা না করে পরিচালিত হওয়ায় খনিগুলোতে দুর্ঘটনার বিষয়টিও খুবই সাধারণ। তবে সোমবার বিস্ফোরণ হওয়া ওই স্বর্ণখনিটি ঠিক কী ধরনের তা এখনও জানা যায়নি।