ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিন চলছে আজ। রাশিয়ার বাহিনী রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে। কিয়েভকে দখলে নিতে চায় তারা। তবে ইউক্রেনের বাহিনী ছেড়ে কথা বলছে না। তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে রুশ বাহিনীর বিরুদ্ধে। যুদ্ধের কারণে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ইউক্রেনে।
রুশ বাহিনীর হামলায় বিপর্যস্ত ইউক্রেনের মানুষের পাশে দাড়িয়েছে বিশ্বের শান্তিকামী লাখো মানুষ। তাদেরই একজন জাপানের ধনকুবের হিরোশি ‘মিকি’ মিকিতানি। তিনি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সরকারকে ৮.৭ মিলিয়ন ডলার সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন। রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এক চিঠির মাধ্যমে এ কথা জানান। জাপান টাইমসের এক প্রতিবেদনে এ সব কথা উঠে এসেছে।
ই-কমার্স জায়ান্ট রাকুতেনের এই প্রতিষ্ঠাতা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চিঠি মারফাত জানান, রাশিয়ান সামরিক আগ্রাসনে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার জন্য তিনি ১০০ কোটি ইয়েন (৮.৭ মিলিয়ন ডলার) দান করবেন।
চিঠিতে তিনি লিখেন, আমি জানি আপনি ইউক্রেনের জনগণের সঙ্গে রয়েছেন। আমি বিশ্বাস করি যে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ইউক্রেনকে অন্যায়ভাবে পদদলিত করতে চাচ্ছে রাশিয়া। এমন সময় ইউক্রেনকে রক্ষা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে।
চিঠিতে তিনি লেখেন, আমি আন্তরিকভাবে আশা করি, যুদ্ধ দ্রুত থেমে যাবে। আসবে শান্তিপূর্ণ সমাধান। ইউক্রেনবাসী তাড়াতাড়ি ফিরতে পারবে তাদের বসত বাড়িতে।