টানা সাত দিন ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রুশ বাহিনী। এতে লাখো পরিবার গৃহহীন হয়েছে। ধ্বংস হয়েছে গেছে সাজানো গোছানো একটি দেশ। অসংখ্য নগরকে মৃত্যুকুপ বানিয়েছে পুতিন বাহিনী। এই হামলায় বিশ্ববাসী যখন রাশিয়ার সমালোচনায় মুখর, ঠিক তখনই রুশ বাহিনীকে সমর্থন দিয়ে আসছে পাশের দেশ বেলারুশ। এবার সেই বেলারুশের উপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাজ্য। বৃটিশ গণমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাজ্যের ফরেন সেক্রেটারি লিজ ট্রাস জানান, ইউক্রেনে রুশ আগ্রাসনে পুতিনকে সমর্থন দেওয়ার মূল্য দিতে হচ্ছে বেলারুশকে। এজন্য দেশটির জ্যেষ্ঠ চারজন প্রতিরক্ষা কর্মকর্তা ও দুটি সামরিক প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সরকার।
তিনি আরও বলেন, আলেকজান্দার লুকাশেঙ্কোর সরকার কার্যকরভাবে রাশিয়ার অবৈধ হামলাকে সমর্থন দিচ্ছে। পুতিনকে সমর্থন দেওয়ার কড়া মূল্য দিতে হবে বেলারুশকে।
গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর প্রতিবেশী দেশ বেলারুশ থেকেও ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় মিসাইল ছোড়া হয়।
ইউক্রেনে হামলার জবাবে দেশটির ইউরোপীয়ান মিত্রসহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। এবার রাশিয়ার পাশাপাশি বেলারুশও সেই নিষেধাজ্ঞার কবলে পড়লো।