পবিত্র মক্কা ও মদিনার দুই মসজিদে (হারামাইন শরিফাইন) নামাজ আদায় করতে কর্তৃপক্ষের বিশেষ অনুমতির প্রয়োজন হবে না।
সৌদি গেজেট জানিয়েছে, বিশ্বজুড়ে করোনা মহামারি প্রতিরোধে কঠোর বিধিনিষেধ জারি করেছিল সৌদি আরব। শনিবার (৫ মার্চ) থেকে করোনাভাইরাসের সকল বিধিনিষেধ উঠিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই পবিত্র কাবা শরীফে নামাজ আদায়ে অনুমতির প্রয়োজন নেই বলে জানায় দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
এই সিদ্ধান্তের ফলে বিনা অনুমতিতে নামাজ আদায়ের পাশাপাশি মহানবি (স.) এর রওজা জিয়ারত করতে পারবেন মুসল্লিরা।
তবে মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে, ওমরাহ পালন করার জন্য অবশ্যই অনুমতি নিতে হবে। তাওয়াক্কালনা অ্যাপে আবেদনকারীদের স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করে অনুমতি দেয়া হবে।
শনিবার থেকে করোনাবিধি উঠিয়ে নিয়েছে সৌদি আরব। এর ফলে দেশটিতে সাধারণ মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজন নেই। এছাড়া বাইরে মাস্ক পরাও এখন থেকে বাধ্যতামূলক নয়।
করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি এবং টিকা প্রদানের হার বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিলো দেশটি।