ইউক্রেনে রাশিয়ার হামলার ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘আগুনে ঘি’না ঢালতে বলেছে চীন। এই যুদ্ধের ব্যাপারে আমেরিকার নাক গলানো চীন মেনে নেবে না বলে সতর্ক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
আজ রোববার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা এ ইস্যুতে কোন পদক্ষেপ নিয়ে চীন সরাসরি এর বিরোধিতা করবে।
প্রতিবেদনটিতে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্র ও চীনের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে কথা বলেন।
সেসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব দেখবে কারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল।
তখন চীনের পররাষ্ট্রমন্ত্রী চলমান সংকট দ্রুত নিরসনে ‘সমঝোতা’র আহ্বান জানিয়ে বলেন, ইউরোপের নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনার প্রয়োজন।
তিনি আরও বলেন, রাশিয়ার নিরাপত্তার কথা ভেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ন্যাটোর সম্প্রসারণের নেতিবাচক দিকগুলোর ওপর মনোযোগ দিতে হবে।
এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়, ব্লিনকেন চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং এই আগ্রাসনের কারণে মস্কোকে যেন চরম মূল্য দিতে হয়, তা নিশ্চিত করতে হবে।
এ প্রসঙ্গে চীন বলেছে, সব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। রাশিয়ার ওপর অবরোধের কারণে রাজনৈতিক সমাধানের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।