গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনাভাইরাস মহামারিতে আরও ৬,৮০৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ৩৪ হাজার ৯৬৭ জনে।
বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
একই সময়ে নতুন করে বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৩৯২ জন। এনিয়ে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ১১ জনে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই রয়েছে রাশিয়া, জার্মানি, ব্রাজিল, ইন্দোনেশিয়া, হংকং ও স্পেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২ হাজার ৭১৪ জন এবং মারা গেছেন ১৮৬ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৪৮ লাখ ৬৯ হাজার ৬৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ হাজার ২৮২ জন মারা গেছেন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩২২ জন এবং মারা গেছেন ১ হাজার ১১৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১০ লাখ ১২ হাজার ৬৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৮৭ হাজার ৬০৬ জন মারা গেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।