ইউক্রেন-রাশিয়ার সংঘাতের ১৫ তম দিন চলছে আজ। দুই পক্ষের প্রতিনিধিদের মাঝে কয়েক দফা বৈঠক হলেও তাতে যুদ্ধ থামেনি। তাই যুদ্ধ কিভাবে থামানো যায়, তা নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে কাতারভিত্তিক আল-জাজিরার দেওয়া লাইভ আপডেটে হোয়াইট হাউজের বরাতে এই তথ্য জানানো হয়।
এদিকে যুদ্ধ থামাতে প্রথমবারের মতো একসঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার তুরস্কের আনাতলিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের মধ্যস্থতা করছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।
গেল ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের উপর হামলা শুরু করে রাশিয়া। যুদ্ধের পর থেকে বিশ্বজুড়ে রাশিয়ার উপর নানা হুমকি ধামকি থাকলেও তা পাত্তা দেয়নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন। এ অভিযানে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনের উপর হামলা চালায় রুশ বাহিনী। তবে ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের জোর চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত অব্যাহত আছে। যুদ্ধ বন্ধের জন্য দু’দেশের প্রতিনিতিদের মাঝে কয়েক দফা বৈঠকও হয়েছে, কিন্তু তাতে কাজ হয়নি।