ভারতের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটে একটি হোটেলে আগুন লেগে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে।
ভারতের আনন্দবাজার পত্রিকা সূত্র বলছে, নিহত বাংলাদেশির নাম সামিমাতুল আরা, তার বয়স ৬০ বছর।
কলকাতার বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, শনিবার ভোররাতে রাহবার গেস্ট হাউজ হোটেলে আগুন লাগে।
আরেকটি সংবাদপত্র দাবি করছে, ভারতে চিকিৎসা নিতে যাওয়া ২৮ বাংলাদেশি ছিলেন ওই হোটেলে।
আগুন লাগার পর অনেকেই বের হতে পেরেছেন। কিন্তু সামিমাতুল আরা বের হতে পারেন নি। পরে বয়সে বৃদ্ধা এই নারীর দগ্ধ লাশ উদ্ধার করা হয়।
কলকাতা নিউ মার্কেটের কাছাকাছি অবস্থিত এই হোটেলটি। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে হোটেলটির ১১টি ঘর পুড়ে গেছে।
মইনুল হক (৩৫) নামে এক বাংলাদেশিকে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার।
মেহাতাব আলম নামে আরও একজন হাসপাতালে ভর্তি আছেন। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা বলে আনন্দবাজার জানিয়েছে। মইনুল ও মেহতাব ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বলে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে।
হোটেলের এক কর্মী জানান, হোটেলের দোতলার অভ্যর্থনা কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে।
অগ্নিনির্বাপক বাহিনী তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।