ইউক্রেনে যুদ্ধের মধ্যে ইউরোপের দেশ নরওয়েতে অনুষ্ঠিত হচ্ছে নিরাপত্তা জোট ন্যাটোর সামরিক মহড়া। এ মহড়ায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
খবরে বলা হয়, উত্তর নরওয়েতে অনুষ্ঠিত ন্যাটোর সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানে চারজন ছিলেন। যুদ্ধবিমানে থাকা চার জনের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
নরওয়ের ফেডারেল সার্চ অ্যান্ড রেসকিউ কো-অরডিনেশন এজেন্সি রয়টার্সকে জানায়, শুক্রবার বৈরী আবহাওয়ার সময় ভি-২২ অসপ্রে প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করছিল, সে সময় থেকে এটি নিখোঁজ। পরে এক মুখপাত্র নিশ্চিত করেন, ওই যুদ্ধবিমানটি ‘ভূমিতে বিধ্বস্ত হয়েছে’।
নরওয়ের প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, ‘ওই এলাকায় বৈরী আবহওয়ার কারণে’ এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কর্তৃপক্ষ স্থলে ও আকাশে তল্লাশি চালাচ্ছে।
নরওয়েতে ১৪ মার্চ শুরু হওয়া ন্যাটোর এ সামরিক মহড়া চলতে পারে ১ এপ্রিল পর্যন্ত।