ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের বোমা হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে অন্তত ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কিয়েভের জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে সোমবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
এতে বলা হয়, কিয়েভের আবাসিক ভবন ও শপিং সেন্টারে হামলা চালায় রুশ সেনারা। এতেই এই হতাহতের ঘটনা ঘটে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, হামলার পর ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং উদ্ধারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
এর আগে শনিবার (১৯ মার্চ) কিয়েভের শহর কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার হামলার পর থেকে কিয়েভে ২২৮ জন নিহত হয়েছেন।
এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৪ হাজার ৭০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৯০২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সূত্র : বিবিসি, সিএনএন