ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে ভাদু শেখ (৩৮) নামে এক তৃণমূল নেতা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পাল্টা সহিংসতায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। জেলার রামপুরহাটে সোমবার দিবাগত রাতে বোমা নিক্ষেপের ফলে তৃণমূলের আঞ্চলিক নেতা ভাদু শেখ (৩৮) নিহত হয়। ভাদু শেখ রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ছিলেন।
তৃণমূল নেতা ভাদু শেখ হত্যার বদলা নিতে বগটুই গ্রামের পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গণমাধ্যম সূত্রে প্রকাশ, ওই ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে।
ওই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে প্রধান বিরোধীদল বিজেপি।
অন্যদিকে, ফায়ারব্রিগেড সূত্রে প্রকাশ, এ পর্যন্ত দশ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে তিন জনের ঝলসানো লাশ উদ্ধারের পর আজ মঙ্গলবার সকালে আরও সাত জনের লাশ উদ্ধার হয়েছে। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, একটি বাড়িতে সাতজনের মৃত্যু হয়েছে। ফটিক শেখ ও ছোট লালন শেখের পরিবারের সদস্যদের পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী এলাকায় পৌঁছেছে। ঘটনাস্থলে গেছে সিআইডি এবং ফরেন্সিক টিম।
নিহত ভাদু শেখ ঘনিষ্ঠদের অভিযোগ, ২০২১ সালের জানুয়ারি মাসে ভাদু শেখের ভাই বাবর শেখ নিহত হন। তিনিও সক্রিয়ভাবে তৃণমূল করতেন। / পারসটুডে