বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, জাতিগতভাবে বেলারুশের জনগন যুদ্ধ পছন্দ করে না। তবে যুদ্ধে ঠেলে দিলে বেলারুশ তা সহ্য করবে না। তাই আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত বেলারুশ ইউক্রেন যুদ্ধে জড়াবে না বলে নিশ্চিত করেছেন তিনি।
ইউক্রেন যুদ্ধে জড়িয়ে যাচ্ছে বেলারুশ-এমন ভুয়া খবরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুক্রবার এ সব কথা জানান বেলারুশের প্রেসিডেন্ট। খবর তাসের।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধ করার কোনো পরিকল্পনা’ বেলারুশ কর্তৃপক্ষের নেই। কিন্তু দেশ আক্রান্ত হলে আমরা বসে থাকব না।
লুকাশেঙ্কো বলেন, আমি বহুবার বলেছি, ইউক্রেনে লড়াই করার কোনো পরিকল্পনা আমাদের নেই। কিন্তু এ বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। জিনগতভাবে বেলারুশের জনগণ যুদ্ধ সহ্য করে না। তাই আমাদের শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।
লুকাশেঙ্কো বলেন, আমাদের যুদ্ধে টেনে নেওয়া যেতে পারে একভাবে, সেটি হলো—যদি তারা আমাদের বিরুদ্ধে আগ্রাসন বা যুদ্ধ শুরু করে। তাই আমি আমার চোখ কান খোলা রাখছি।
বেলারুশকে জড়িয়ে গুজব ছড়ানোর বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন লুকাশেঙ্কো।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গেল ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নামে যুদ্ধ শুরু করেন। এর পর থেকে জল, স্থল ও বিমান পথে ইউক্রেনের ওপর অব্যাহত হামলা চালাচ্ছে রুশ সেনারা। এমন সময়ে বেলারুশের সেনারাও ইউক্রেনে রুশ সেনাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছে বলে খবর প্রকাশ হয়। যদিও পরে এই খবরের সত্যতা পাওয়া যায়নি।