পাকিস্তানকে নিয়ে বিদেশি হুমকিদাতার নাম গণমাধ্যমে প্রকাশ করলেন ইমরান খান। গত মাসের শুরু থেকেই তিনি বিদেশি হুমকির মুখোমুখি হওয়ার দাবি করে আসছিলেন। এবার সে সম্পর্কে আরও তথ্য দিলেন তিনি। ইমরান খান বলেছেন, পাকিস্তানকে হুমকিদাতা বিদেশি কর্মকর্তাটি হচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
ইমরান খানের উপর অনাস্থা অআনার প্রস্তাবটি নাকশ করে দিয়ে রাষ্ট্রপতি পাকিস্তানের জাতীয় পরিষদ (পার্লামেন্ট) ভেঙ্গে দেয় গতকাল। এর পর পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ইমরান খানকে ভালো পদক্ষেপের জন্য অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এসময় তাদের বলেন, জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) যখন অনাস্থা প্রস্তাবে বাইরের শক্তির জড়িত থাকার নিন্দা করে তখন (অনাস্থা প্রস্তাবের ওপর ভোটের) গণনা ‘অপ্রাসঙ্গিক’ হয়ে যায়।
টেলিভিশনে তাঁর এ মন্তব্য প্রচারিত হয়। এ ছাড়া তিনি নেতাদের বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রদূতের মাধ্যমে ওই হুমকি বার্তা পাঠিয়েছিল।
ইমরান খানকে উদ্ধৃত করে বলা হয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মাজিদের সঙ্গে বৈঠকে সতর্ক করে দিয়ে বলেন, জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ইমরান সরকার টিকে থাকলে এর পরিণতি খারাপ হতে পারে।
ইমরান খান বলেছেন, তাঁর কাছে সংবাদ রয়েছে যে, পিটিআই ভিন্নমতাবলম্বীরা (মার্কিন) দূতাবাসে ঘন ঘন গেছেন। আমাদের ছেড়ে চলে যাওয়া লোকদের গত কয়েক দিনে (মার্কিন) দূতাবাসের লোকদের সঙ্গে বারবার দেখা করার কারণ কী ছিল?
ডেপুটি স্পিকারের এই রায়কে বিরোধীদের জন্য ‘বেদনাদায়ক’ বলে অভিহিত করেছেন ইমরান খান। এমনকি ইমরান খান এও বলেছেন, বিরোধীরা বুঝতেই পারেনি, কী ঘটেছে।
ইমরানের দাবি, তিনি যদি একদিন আগে তাদের (বিরোধীদের) এই চমকের কথা জানিয়ে দিতেন, তাহলে তারা এতটা হতবাক হতো না।
সূত্র: দ্য ডন