পাকিস্তানের মধ্যবর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হবে আজ। বিরোধী দলের অনাস্থা ভোটে ইমরান খান হেরে যাওয়ায় প্রধানমন্ত্রী পদ শূন্য হয়। তা পুরনে পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে নির্বাচনে ভোট হতে যাচ্ছে আজ সোমবার (১১ এপ্রিল)। দেশটির ভারপ্রাপ্ত স্পিকার বিষয়টি গণমাধ্যমকে জানান। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
নির্বাচনকে ঘিরে পাকিস্তানের রাজনীতি এখন সরগরম। কে হবেন প্রধানমন্ত্রী তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এই পদের জন্য দু'জন প্রার্থী মনোনয়ন ফরম তুলেছেন। ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের ভাইস-চেয়ারম্যান শাহ মুহাম্মদ কুরেশি ও বিরোধী নেতা হিসেবে পরিচিত অর্থাৎ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ও তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ মনোয়নপত্র জমা দিয়েছেন।
ধারণা করা হচ্ছে, শাহবাজই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। ৭০ বছর বয়সী শাহবাজ পাঞ্জাবের তিনবারের মুখ্যমন্ত্রী। শাহবাজ পারিবারিকভাবে ধনী ব্যবসায়ী এবং পাকিস্তান মুসলিম লীগ-এন-র (পিএমএল-এন) বর্তমান প্রেসিডেন্ট।
গেল শনিবার রাতে সংসদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এর পরদিন রোববার রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভে নামে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা।