ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। বুধবার শপথ নেন তিনি। ধারণা করা হচ্ছে তাকে পররাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এই তথ্য জানিয়েছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি তাকে শপথ পাঠ করান। ওই সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং অন্য ফেডারেল মন্ত্রীরা।
এই ফেডারেল মন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার।
শপথ নেওয়ার পর বিলওয়াল ভুট্টোকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট আরিফ আলভি।
মঙ্গলবার পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাশেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিলাওয়ালের শপথের বিষয়ে ঘোষণা দেওয়া হয়।
এদিকে এর আগে বিলওয়ালের মন্ত্রী হিসেবে শপথ নেওয়া নিয়ে সংশয় দেখা দেয়। জানা যায়, বিলওয়াল মন্ত্রী হবেন না।
কিন্তু এরপর লন্ডনে নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেন বিলওয়াল। শাহবাজ শরিফের ফেডারেল সরকারে বিলাওয়ালের যোগ দেওয়া নিয়ে যে সংশয় ছিল সেটি কেটে যায় ওই বৈঠকের পর।
এর আগে শাহবাজ শরিফের মন্ত্রিসভা শপথ নেওয়ার সময় বিলাওয়াল সেখানে উপস্থিত ছিলেন। তবে শপথ নেননি। তবে তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব আশ্বাস দিয়েছিলেন যে বিলাওয়াল পরে শপথ নেবেন।
সূত্র: জিও নিউজ