শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। সেদেশে সরকারবিরোধী বিক্ষোভের মুখে সোমবার তার পদত্যাগের ঘোষণা আসে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সেদেশে গত এপ্রিল থেকে শুরু হয়েছে তীব্র অর্থনৈতিক সংকট। তার জেরে সম্প্রতি দেশটিতে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ হয়। নিজেকে ‘অর্থনৈতিকভাবে দেউলিয়া’ ঘোষণা করেছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা। পরিস্থিতিতে মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করলেও নিজ দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বিক্ষোভকারীদের জোরালো দাবির মুখে সোমবার তার পদত্যাগের ঘোষণা আসে।
প্রধানমন্ত্রী ইতোমধ্যেই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
শ্রীলঙ্কার ডেইলি মিরর জানিয়েছে, শুক্রবার রাষ্ট্রপতি গোটবায়া রাজাপাকসে দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান হিসাবে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার জন্য একটি বিশেষ বৈঠকে অনুরোধ জানিয়েছিলেন। এর কয়েক দিনের মাথায় সোমবার তার পদত্যাগের ঘোষণা আসে।