বিশ্বের অস্থির ভুরাজনীতি মানবপাচার প্রতিরোধকে ঝুঁকিতে ফেলেছে। দীর্ঘদিন জলবায়ু পরিবর্তনের ফলে অভিবাসনের সংখ্যা বাড়িয়েছে। তবে এখন বড় ভুমিকা রাখছে ভৌগলিক রাজনীতি। সেই সঙ্গে যুক্ত হয়েছে করোনা মহামারি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এই সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। মানবপাচার বিষয়ক এক সেমিনারে বক্তারা এ সব কথা বলেন।
আজ বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মানবপাচার প্রতিরোধ নিয়ে ‘প্রোমটিং মাল্টিলেটারাল কোঅপারেশন টু প্রিভেন্ট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড মাইগ্রেন্ট স্মাগ্লিং’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
সেমিনারে বক্তারা বলেন, মানবপাচার বা অনিয়মিত অভিবাসন প্রতিরোধ কোন একক দেশের বিষয় নয়। প্রতিরোধ করতে দেশগুলোকে পরস্পর সহযোগিতা করতে হবে। তবে যেভাবে ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং হচ্ছে, তা মানবপাচার প্রতিরোধকে ঝুঁকিতে ফেলেছে। মিয়ানমারের রোহিঙ্গা সংকটের পাশাপাশি সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ, আফগানিস্তানের পরিবর্তন, শ্রীলঙ্কার পরিবর্তিত পরিস্থিতির পাশাপাশি যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যা মানবপাচার প্রতিরোধে দেশগুলোর সহযোগিতার পথকে বাধাগ্রস্ত করছে।
সেমিনারের দ্বিতীয় ভাগে মানবপাচার প্রতিরোধ, বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে চারটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধগুলো উপস্থাপন করেন বিআইআইএসএসয়ের গবেষক বেনুকা ফেরদৌসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. ওবায়দুল হক, জাতিসংঘ অভিবাসী সংস্থার (আইওএম) অভিবাসন ও সুরক্ষা ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার ইউজিন পার্ক এবং অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর। সেমিনারের দ্বিতীয় অংশ সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক তাসনিম সিদ্দিকী।
এর আগে সেমিনারের প্রথম অংশে সভাপতিত্ব করেন বিআইআইএসএস চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মুকসুদুর রহমান।