ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এদিকে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই আইসোলেশনে রয়েছেন দেশটির শীর্ষস্থানীয় এ রাজনীতিক।
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও দলীয় মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বার্তা সংস্থা এএনআইকে বলেন, সোনিয়া গান্ধীর করোনা শনাক্ত হয়েছে। তাঁর হালকা জ্বর আছে। করোনার আরও কিছু উপসর্গ তাঁর আছে। তিনি নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বুধবার ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীকে তলব করে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ৮ জুন সেখানে তার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেল।
অবশ্য সোনিয়ার দল কংগ্রেস স্পষ্ট করেছে যে, এখন পর্যন্ত যে তথ্য রয়েছে সে অনুযায়ী, ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৮ জুন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে উপস্থিত হবেন তিনি।
সোনিয়া গান্ধীর বয়স ৭৫ বছর। আগে থেকেই তাঁর নানা ধরনের শারীরিক জটিলতা আছে।