আন্তর্জাতিক শিশু দিবসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, জোর করে ইউক্রেনের দুই লাখ শিশুকে রাশিয়ায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। এসব শিশুদের মধ্যে এতিমখানার বাসিন্দা, বাবা-মায়ের সঙ্গে নেওয়া শিশু এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুরা রয়েছে বলেও জানান তিনি। খবর-আল জাজিরা।
তিনি আরও জানান ‘এই অপরাধমূলক নীতির উদ্দেশ্য কেবল মানুষ চুরি করা নয় বরং যারা নির্বাসিত হয়েছে তাদেরকে ইউক্রেন সম্পর্কে ভুলিয়ে দেওয়া এবং ফিরে আসতে অক্ষম করা।’
জেলেনস্কি আরও বলেন, যারা শিশুদের দেশত্যাগের জন্য দায়ী তাদের ইউক্রেন শায়েস্তা করবে এবং তিনি হুঁশিয়ারি দেন- ইউক্রেন কখনও দখল করে নেওয়া যাবে না, আমাদের জনগণ কখনও আত্মসমর্পণ করবে না। আমাদের শিশুরা দখলদারদের সম্পদে পরিণত হবে না।
এ সময় প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেন, চলমান যুদ্ধে এ পর্যন্ত ২৪৩ জন শিশুকে হত্যা করা হয়েছে। আর ৪৪৬ জন শিশু আহত হয়েছেন এবং ১৩৯ জন এখনও নিখোঁজ রয়েছেন। এ ছাড়াও সরকারের কাছে হিসাব নেই এমন অনেক শিশুও থাকতে পারে।