স্কুলে গুলি চালানোর কয়েক দিন যেতে না যেতে মার্কিন যুক্তরাষ্ট্রে এবার একটি গির্জার বাইরে গাড়ি রাখার জায়গায় গুলি চালিয়ে দুই নারীকে হত্যার পর অস্ত্রধারী নিজে আত্মহত্যা করেছেন।
ভয়েস অব আমেরিকা জানিয়েছে, বৃহস্পতিবার আইওয়ার এইমস শহরের কর্নারস্টোন চার্চের বাইরে এ ঘটনা ঘটে। সে সময় গির্জার ভেতরে একটি অনুষ্ঠান চলছিল বলে স্টোরি কাউন্টির ডেপুটি শেরিফ নিকোলাস লেনি জানিয়েছেন।
একই দিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের রেসিন সমাধিস্থলে শেষকৃত্যের অনুষ্ঠানে গুলিতে দুইজন আহত হন।
স্টোরি কাউন্টির ডেপুটি শেরিফ নিকোলাস লেনি জানান, কর্নারস্টোন চার্চের বাইরে গুলির খবর পেয়ে তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান, সেখানে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতদের পরিচয় বা তাদের মধ্যে সম্পর্ক কী সে বিষয়ে জানাতে পারেননি।
বৃহস্পতিবার ওই ঘটনার কিছু সময় আগেই এক ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন একের পর এক বন্দুক হামলার ঘটনায় হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “যথেষ্ট হয়েছে!”