সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের এক বাংলাদেশি প্রবাসী লটারিতে ৪৮ কোটি ৪৯ লাখ টাকার লটারি জিতেছেন। খালিজ টাইমসের প্রতিবেদনে শুক্রবার (৩ জুন) বলা হয়েছে, ওই প্রবাসীর নাম আরিফ খান।
আরিফ শহরটিতে চার বছর ধরে কাজ করছেন। মে মাসের ২৭ তারিখ ১৪৪৪৮১ নম্বরের টিকিট কিনেছিলেন।
লটারি জেতার পর খালিজ টাইমসকে তিনি বলেন, ‘আমি সব সময় একা একা টিকিট কিনতে চাইতাম। ভাগ্য পরীক্ষা করা আরকি। কিন্তু আগে কখনো কেনা হয়নি।’
বিশাল এই অর্থপুরস্কার দিয়ে ভবিষ্যতে কী করবেন, তা এখনো ঠিক করেননি আরিফ খান। তবে এই অর্থ দিয়ে দুস্থদের সাহায্য করার ইচ্ছা রয়েছে তার।
আরিফ বলেন, ‘আমার দুই সন্তান, স্ত্রী ও বাবা-মা রয়েছে। আমার ভাইও এখানে একটি দোকান চালায়। আমরা সুখী পরিবার। আমি আশা করি, এই অর্থ অন্যদের সাহায্যে কাজে আসবে।’
তার কথায়, টাকা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। তাই আমি চাই না, এটি আমাকে বদলে দিক। এই অর্থ আমি অন্যদের সাহায্যে কাজে লাগাতে চাই।