মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের নির্দেশে উড়িষ্যা রাজ্যের মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করেছেন। এই ঘটনায় নড়ে উঠেছে নযাদিল্লিও। তবে রোববার (৫ জুন) দুপুর ১২টায় রাজ্যের নতুন মন্ত্রিসভা শপথ নেবে। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে দলকে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করতে নবীন পট্টনায়েকের এই সিদ্ধান্ত বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এখন জাতীয় রাজনীতিতে এটি চর্চার বিষয় হয়ে উঠেছে।
ক্ষমতাসীস দল বিজেডি জানিয়েছে, মন্ত্রিসভা ও সংগঠনের চিত্র পাল্টানোর উদ্দেশ্যেই তার এই পদক্ষেপ। মন্ত্রীদের প্রত্যেককেই শনিবার (৪ জুন) সকালে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।
এদিকে মন্ত্রীদের পাশাপাশি রাজ্য বিধানসভার স্পিকার সূর্যনারায়ণ পাত্রও ইস্তফা দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। যদিও সরকারিভাবে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
২০১৯ সালের বিধানসভা ভোটে জিতে টানা পঞ্চমবার রাজ্যেটির মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নবীন। মন্ত্রিসভায় এ বার নবীন বেশ কয়েকজন নতুন প্রজন্মের নেতাকে আনতে চান বলে জানা গেছে।