ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী অরল্যান্ডো জর্জ মেরাকে (৫৫) তার নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারী তার ঘনিষ্ঠ বন্ধু। তিনি ডমিনিকান রিপাবলিকের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছিলেন। মঙ্গলবার (৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সোমবারের এ ঘটনায় মিগুয়েল ক্রুজ নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ক্রুজ নিহত মন্ত্রীর বাল্যবন্ধু বলে টুইটারে দেওয়া এক ভিডিও পোস্টে জানিয়েছেন প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র হোমেরো ফিগুয়েরো।
অবশ্য হামলার পরপরই অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া মন্ত্রীর ওপর হামলা ও তাকে হত্যার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
ডমিনিকান রিপাবলিকের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মীরা সাংবাদিকদের জানান, ভবনের ভেতর থেকে ৭টি গুলির শব্দ শুনতে পান তারা। এর কিছুক্ষণ পরই পুলিশ ঘটনাস্থলে আসে।
৫৫ বছর বয়সী আইনজীবী মেরা দেশটির সাবেক প্রেসিডেন্ট সালভাদর জর্জ ব্লাঙ্কোর ছেলে। ব্লাঙ্কো ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। মেরার ছেলে অরলান্ডো জর্জ ভিলেজাস কেন্দ্রীয় আইনপ্রণেতা এবং মডার্ন রেভ্যুলেশনারি পার্টির সদস্য।