কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে নিয়োজিত পুলিশ সদস্যের এলোপাথাড়ি গুলির পর নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে সেখানকার প্রশাসন। শুক্রবার (১০ জুন) বিকেলের ওই ঘটনায় পুলিশসহ একজন নারী পথচারী নিহত হন
শনিবার (১১ জুন) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর কয়েক ঘণ্টার মধ্যে বাংলাদেশ মিশনের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় টিভি চ্যানেলগুলো প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হত্যাকারী পুলিশ প্রায় এক ঘণ্টা ধরে এলাকায় ঘোরাফেরা করেছিলেন এবং শহরের পশ পার্ক সার্কাস এলাকায় হাইকমিশনের কাছে কমপক্ষে ১০ রাউন্ড গুলি চালান।
কলকাতা পুলিশের প্রধান বিনীত গয়াল গণমাধ্যমকে বলেছেন, 'হঠাৎ গুলি চালানোর আগে পুলিশ সদস্য এক ঘণ্টা ধরে এলাকায় ঘোরাঘুরি করেছেন। তার এলোপাথাড়ি গুলিতে একজন নারী নিহত হয়েছেন এবং অন্য দু'জন আহত হয়েছেন। পরে পুলিশ সদস্য নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে নিজেকেও শেষ করে দেন।
তিনি বলেন, 'আমরা এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি এবং মামলার সব দিক তদন্ত করব।'