হোমল্যান্ড তারকা ডেভিড হেয়ারউড বাংলাদেশের ১১ বছর বয়সী এক বালকের জন্য ব্রিটিশ নাগরিকদের কাছে ‘ভিক্ষা’ চাওয়ার কথা জানিয়েছেন। ৫৬ বছর বয়সী এই অভিনেতা বিবিসির ‘দ্য অন শো’ অনুষ্ঠানে এসে শুক্রবার (১০ জুন) এভাবে আকুতি জানান।
যুক্তরাজ্যের গণমাধ্যম মিররের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি কিশোর হাসানের কথা বলতে বলতে অনুষ্ঠানে কেঁদে ফেলেন হেয়ারউড।
ডেভিড হেয়ারউড চলতি বছরের এপ্রিলে ইউনিসেফের আমন্ত্রণে বাংলাদেশে আসেন। সে সময় সিলেটসহ বিভিন্ন অঞ্চলে যান।
ওই সফরেই ঢাকার রাস্তায় হাসানের সঙ্গে পরিচয় হয় হেয়ারউডের। হাসানের থেকে জানতে পারেন, ঝড়ের রাতে কীভাবে সে তার বাবা এবং ভাইবোনদের হারিয়ে শুধু মাকে নিয়ে বেঁচে ছিল।
সেদিনের কথা স্মরণ করে হেয়ারউড বলেন, ‘ওর সঙ্গে কথার বলার স্মৃতি কষ্টের হলেও অনুপ্রেরণামূলক ছিল। হাসিটা দেখলে বাঁচার জন্য কিছু আশা আপনি খুঁজে পাবেন।’
‘ওই অবস্থায় (দরিদ্রতায়) সে যদি হাসতে পারে, আশা দেখতে পারে, তাহলে আমিও তাকে অনুসরণ করতে পারি।’
চোখ মুছতে-মুছতে হেয়ারউড বলতে থাকেন, ‘ভয়ংকর ঝড়ের রাতে সে টিকে ছিল। রাতের সেই লড়াইয়ে হাসান বাবা, দুই ভাই আর এক বোনকে হারায়।’
‘এক জেলে হাসান আর তার মাকে উদ্ধার করলেও সেদিনের ঝড় তাদের সব নিয়ে যায়। এরপর ঢাকায় এসে ফুটপাতে বসবাস শুরু করে।’
হাসানের জন্য সাহায্য চেয়ে তিনি বলেন, ‘আমি ওর অর্থকষ্ট দূর করত চাই। আপনারা পাশে দাঁড়ান।’
হেয়ারউড রবিবার (১২ জুন) লন্ডন স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচে ইংল্যান্ড একাদশের হয়ে মাঠে নামতে যাচ্ছেন। এই ম্যাচের সব আয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের শিশুদের সাহায্যে ব্যয় করা হবে।
ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফুর মতো তারকা খেলবেন বিশ্ব একাদশের হয়ে।