মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির এক নেত্রীর কটূক্তির প্রতিবাদে সমাবেশ চলার সময় রাচিতে সহিংসতায় দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছে।
রাচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স নিশ্চিত করেছে, বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর হাসপাতালে আনা দুই আহতের মৃত্যু হয়েছে। আরও ১০ আহতকে সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা।
শুক্রবার প্রতিবাদকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর ঝাড়খণ্ডের বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়। বিক্ষোভকারীরা বহিস্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার গ্রেপ্তার দাবি করেছে; দলটির এ মুখপাত্রের মন্তব্যের জেরেই ভারতজুড়ে ও ভারতের বাইরে প্রধানত মুসলিম দেশগুলোতে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, রাচির প্রতিবাদকারীরা পাথর ছুড়তে শুরু করার পর পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে।
শুক্রবার ভারতের অন্তত নয়টি রাজ্যের বেশ কয়েকটি শহর বিজেপি নেতাদের মন্তব্যের প্রতিবাদে হওয়া বিশাল বিশাল প্রতিবাদ সমাবেশ প্রত্যক্ষ করেছে।
রাচির পুলিশ প্রধান আংশুমান কুমার গুলিতে আহত দুই ব্যক্তির মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।