ন্যাশনাল হেরাল্ড নিউজপেপার সংশ্লিষ্ট এক অর্থ পাচার মামলায় টানা দ্বিতীয় দিনের মতো ভারতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আইনি প্রক্রিয়া শেষে ভারতের স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দিল্লি কার্যালয়ে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
এর আগে সোমবার সকালে কংগ্রেস নেতাকর্মীদের নিয়ে মিছিল করে ইডি দপ্তরে পৌঁছেন রাহুল। তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিট নাগাদ দিল্লির এপিজে আব্দুল কালাম রোডের ইডি দপ্তর ছেড়ে যান তিনি। তাঁকে ইডির তলবের প্রতিবাদে দিল্লিতে দফায় দফায় বিক্ষোভ দেখায় কংগ্রেস।
এদিকে কংগ্রেসের কয়েকজন নেতাকে আটক করে তুঘলক রোড পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। তাঁদের সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছান প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের আন্দোলনকে কটাক্ষ করে বিজেপি নেত্রী স্মৃতি ইরানি সোমবার বলেন, গান্ধী পরিবারের বেআইনিভাবে আয় করা ২ হাজার কোটি টাকার সম্পত্তি বাঁচাতে আন্দোলনে নেমেছে কংগ্রেস।