ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট বছর বয়সী এক শিশুও রয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে মঙ্গলবার (২১ জুন) রাশিয়ার গোলাবর্ষণে তারা প্রাণ হারান।
খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ এই তথ্য জানিয়েছেন বলে বুধবার (২২ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
উত্তর-পূর্ব ইউক্রেনে অবস্থিত খারকিভ অঞ্চলটি রাশিয়ার সীমান্তবর্তী এলাকা। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর অঞ্চলটি থেকে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। তবে সম্প্রতি অনেক বাসিন্দা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এই শহরে ফিরতে শুরু করেছেন। আর এর মধ্যেই মঙ্গলবার রাশিয়ার এই হামলা হলো।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মঙ্গলবার খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ বলেন, ‘১৫ জন নিহত হয়েছেন এবং আরও ১৬ জন আহত হয়েছেন। খারকিভ অঞ্চলে দিনের বেলা রুশ সামরিক বাহিনীর গোলাবর্ষণের ভয়ানক পরিণতিতে হতাহত হয়েছেন তারা।’
তিনি আরও বলেন, রাশিয়ার সেনাদের হামলার পৃথক চারটি ঘটনায় খারকিভের এসব মানুষ নিহত ও আহত হয়েছেন।
সিনেগুবভ বলেন, রুশ বাহিনী খারকিভ শহরের ৩০ কিলোমিটার (১৮ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত চুগুইভ শহরে হামলা চালিয়েছে। এতে ছয়জন নিহত এবং চারজন আহত হয়েছেন। এছাড়া খারকিভ শহরে আরও পাঁচজন মারা গেছেন এবং ১১ জন আহত হয়েছেন।