আফগানিস্তানের পাকতিকা প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে বুধবার (২২ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত ৬০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ক্ষতিগ্রস্ত এলাকায় হতাহতদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
এর আগে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান ও পাকিস্তান। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
বুধবার দিনের প্রথম দিকে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার। তবে বুধবার সকালে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। পরে বেলা বাড়তেই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির খবর সামনে এলো।