বক্তৃতা দেয়ার সময় গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে মারা গেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।
তার দলের কর্মকর্তাদের উদ্ধৃত করে শুক্রবার (৮ জুলাই) বিবিসি জানিয়েছে, ৬৭ বছর বয়সী এই রাজনীতিবিদের মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসকেরা আশা ছেড়ে দিতে বাধ্য হন।
স্থানীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাত দিয়ে শুক্রবার (৮ জুলাই) বিবিসির খবরে জানানো হয়েছে, বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে শিনজো আবেকে গুলি করা হয়। এরপর তার রক্তপাত শুরু হয়।
হামলাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছে।
জাপানে বন্দুক সহিংসতার ঘটনা খুব কম। দেশটিতে ছোট বন্দুকের (হ্যান্ডগান)ব্যবহার নিষিদ্ধ।
এ ঘটনায় ৪২ বছর বয়সী সন্দেহভাজন একজনকে আটক করার পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
খবরে বলা হয়েছে, বক্তৃতার প্রায় মাঝামাঝি সময়ে আবেকে পেছন থেকে গুলি করা হয়, তিনি পড়ে যান আর রক্তপাত হতে থাকে।
শিনজো আবে ২০০৬ থেকে ২০০৭ এবং ২০১২ থেকে ২০২০ পর্যন্ত দুই পর্বে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।