অর্থনৈতিক দুর্দশায় দিশেহারা শ্রীলঙ্কায় আবার তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার (৯ জুলাই) বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ার আগে সেখান থেকে সরে পড়েছেন গোতাবায়া রাজাপক্ষে।
শ্রীলঙ্কার গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, বিক্ষোভকারীরা কারফিউ উপেক্ষা করে প্রেসিডেন্ট গোতাবায়ার বাসভবনে প্রবেশ করেন।
বিক্ষোভকারীদের থামাতে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।
এদিন দুই পুলিশসহ মোট ৩০ জন আহত হয়েছেন। তাদের কলম্বোর জাতীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির হাজারো ছাত্র-জনতা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ ও দ্রুত অর্থনৈতিক সংকটের লাগাম টানার দাবিতে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা আগেই ঘোষণা দিয়েছিলেন যে মিছিল নিয়ে তারা প্রেসিডেন্ট ভবনের দিকে যাবেন।
এক সময়ের উচ্চ-মধ্যম আয়ের দেশ শ্রীলঙ্কা চলতি বছরের মার্চে অর্থনৈতিক সংকটে পড়ে। ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর এটি দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট। বৈদেশিক মুদ্রার মজুতসংকটে দেশটির সরকার খাবার, ওষুধ ও জ্বালানির মতো নিত্যপণ্য আমদানি করতে পারছে না।
এই সংকটকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। একপর্যায়ে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ভাই মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। মে মাসে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে।
কিন্তু সাধারণ মানুষ প্রেসিডেন্টেরও পদত্যাগ দাবি করেন।