যুক্তরাষ্ট্রের অভিবাসী হওয়ার জন্য সাগর পাড়ি দিয়ে ফ্লোরিডার মায়ামিতে প্রবেশের সময় নৌকাডুবিতে অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। নিহতরা সবাই হাইতির নাগরিক। এ ঘটনায় আরও ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় রোববার (২৫ জুলাই) মধ্যরাতে সাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বাহামাসের উপকূলে নৌকাটি ডুবে যায়। আর এতেই ওই প্রাণহানির ঘটনা ঘটে।
মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, বাহামা উপকূলে একটি নৌকা ডুবে হাইতির অন্তত ১৭ জন মারা গেছেন বলে জানিয়েছে ক্যারিবীয় দেশটির সরকার।
বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস বলেন, নৌকায় থাকা ব্যক্তিরা হাইতি থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বাহামাসের পুলিশ জানিয়েছে, নিউ প্রভিডেন্স দ্বীপ থেকে ১১ কিলোমিটার (৬.৮ মাইল) দূরে নৌকাটি ডুবে গেছে। এ ছাড়া উল্টে যাওয়া নৌকার মধ্যে জীবিত এক নারীসহ আরও ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এ ঘটনায় অন্তত একজন এখনো নিখোঁজ রয়েছে এবং তার খোঁজে অনুসন্ধান অভিযান চলছে।
এদিকে এই ঘটনার পর সন্দেহভাজন মানব পাচার কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাহামাস থেকে দুজনকে আটক করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।