চীনের উহান মহানগর কর্তৃপক্ষ একটি জেলায় আবার লকডাউনের নির্দেশনা জারি করেছে। দশ লাখ মানুষের এই শহরে চারজনের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই উহান শহর থেকেই প্রথম নভেল করোনাভাইরাস ছড়িয়েছিল।
মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, জিয়াংজিয়া জেলায় বুধবার (২৮ জুলাই) থেকে লকডাউন দিয়েছে চীন সরকার।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিন আগে করোনার নিয়মিত পরীক্ষায় দুই ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। এ ছাড়া ‘কন্টাক্ট ট্রেসিংয়ের’ মাধ্যমে আরও দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর কিছুক্ষণ পর লকডাউনের আদেশ জারি করা হয়।
এর আগে চীনের অর্থনৈতিক রাজধানী হিসেবে পরিচিত সাংহাইয়ে লকডাউন জারি করেছিল চীন সরকার। দুই মাসের কঠোর লকডাউনের পর গত মাসে সাংহাই থেকে লকডাউন তুলে নেওয়া হয়। এরপর উহানে লকডাউন জারি করা হলো।
এ সপ্তাহের শুরুর দিকে বিজ্ঞানীরা বলেছিলেন, উহানের হুয়ানান সামুদ্রিক খাবার ও বন্যপ্রাণীর বাজার থেকে প্রথম করোনা ছড়িয়েছিল, এমন প্রমাণ পাওয়া গেছে। গত মঙ্গলবার প্রকাশিত দুই নতুন গবেষণায় ভাইরাসটি চীনের উহানের ল্যাব থেকে নয় বরং বন্যপ্রাণীর বাজার থেকেই ছড়িয়ে বলে দাবি করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ ও মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, করোনা ভাইরাসটি চীনের হুবেই প্রদেশের উহান শহরের ‘উহান ইন্সটিটিউট অব ভাইরোলজি’র ল্যাব থেকে ছড়ায়নি বরং উহানের হুয়ানান সামুদ্রিক খাবার ও বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়েছে।