ঢাকায় দূতাবাস চালুর বিষয়ে সম্মত হয়েছে উজবেকিস্তান। এছাড়া ঢাকা-তাসখন্দ রুটে ফ্লাইট চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও উভয় দেশ একমত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভের মধ্যে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহায়তা বিষয়ক তৃতীয় ইন্টার-গভর্নমেন্টাল কমিশন সভায় যোগ দিতে বর্তমানে ঢাকা সফরে রয়েছেন উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভ।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন দুই দেশের মধ্যে যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি আগের মতো বাণিজ্যিক ফ্লাইট চালুর বিষয়ে জোর দেন। এ বিষয়ে দুই দেশের মধ্যে ফ্লাইট পরিচালনায় কোড শেয়ারিং পদ্ধতি নিয়েও আলোচনা হয়। ঢাকা-দিল্লি রুটে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট এবং দিল্লি-তাসখন্দ রুটে উজবেক এয়ারের নিয়মিত ফ্লাইট দুটোর মধ্যে কোড শেয়ারিং পদ্ধতিতে দুই দেশের জনগণ ভ্রমণ করতে পারবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। এছাড়া পরবর্তীতে চাহিদা বিবেচনা করে ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়।
বাংলাদেশ এবং উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের চট্টগ্রাম ও ইরানের চাবাহার বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হলে পণ্য পরিবহনে খরচ কম হবে বলে উজবেক উপপ্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।