ইউক্রেনের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘জাপোরিঝিয়া প্ল্যান্ট’কে রাশিয়া এখন ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (২ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে সোমবার (১ আগস্ট) জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিরসন আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযোগ করেন।
ব্লিঙ্কেন বলেন, ‘ভয়ংকর বিপদের শঙ্কায় ইউক্রেন এখন পারমাণবিক কেন্দ্রের কাছে আক্রমণ করতে পারছে না। রাশিয়া সেখানে নিজেদের সৈন্য মোতায়েন করে রেখেছে।’
নিউইয়র্কের এই আলোচনায় ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকোলা তোচিটস্কি বলেন, ‘পারমাণবিক বিপর্যয় রোধে এখনই শক্তিশালী যৌথ পদক্ষেপ প্রয়োজন।’
এ জন্য মিত্র দেশগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
ইউক্রেনে সামরিক অভিযানের শুরুর দিকে দেশটির বৃহত্তম পারমাণবিক কেন্দ্র জাপোরিঝিয়া দখল নেয় রুশ সেনারা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র শুরু থেকেই ইউক্রেনের পক্ষ নিয়েছে। কিন্তু সরাসরি সাহায্যের ঘোষণা দেয়নি তারা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের ওপর সর্বাত্মক হামলা চালায় রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি থেকে দেশটির বিভিন্ন স্থাপনায় পুরোদমে শুরু হয় আক্রমণ। তার আগে কয়েক সপ্তাহ ধরে সীমান্ত এলাকায় সৈন্য মোতায়েন করে দেশটি।
যুদ্ধের কয়েক মাস পেরিয়ে গেলেও শান্তি বিষয়ক আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের ‘অধিকাংশ এলাকা’ দখলের দাবি তুললেও যুক্তরাষ্ট্র-ইউক্রেন তা অস্বীকার করেছে।