চীনের সব ধরনের হুমকি উপেক্ষা করে তাইওয়ানে পৌঁছালেন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি। মঙ্গলবার (২ আগস্ট) স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) তাইওয়ানের রাজধানী তাইপে বিমানবন্দরে তাকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যম দুটি জানায়, এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার সেখানে যান তিনি। এর মাধ্যমে ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো রাজনীতিবিদ তাইওয়ানের ভূমিতে পা রাখলেন।
এর আগে ন্যান্সি পেলোসি যদি তাইওয়ানে সফর করেন তাহলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে বলে সতর্ক করে চীন। এমন পরিস্থিতিতে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করে চীনের পিপলস লিবারেশন আর্মি। তাছাড়া দেশটির বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ তাইওয়ান প্রণালির কাছাকাছি রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, পেলোসি তাইওয়ানে পৌঁছানোর পর চীন ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী উচ্চ সতর্ক অবস্থান নেয়।
এদিকে, পেলোসি তাইওয়ানে পৌঁছানোর পর একটি টুইটে বলেছেন, তিনি এখানে এসেছেন তাইওয়ানের গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের যে সমর্থন আছে সেটি পুনরায় ব্যক্ত করতে।