বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার পি কে হালদারকে বুধবার (১০ আগস্ট) বিকেলে আবার আদালতে তোলা হচ্ছে।
এরআগে ১৫ জুলাই পি কে হালদারকে কলকাতার নগর ও দায়রা আদালতে তোলা হলে তার বিরুদ্ধে ১০ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।
আদালতে ভারতের আর্থিক দুর্নীতিবিষয়ক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মামলার অভিযোগপত্র জমা দেয় ১২ জুলাই। আর ১৫ জুলাই বিচারকের সামনে সেই অভিযোগপত্র পেশ করা হয়।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছ থেকে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়ার পর পশ্চিমবঙ্গের রাজারহাট বৈদিক ভিলেজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অর্থপাচারে অভিযুক্ত পি কে হালদারকে।
দুদক ও বাংলাদেশ ব্যাংকের অনুরোধে চলতি বছরের ১৪ মে তার সঙ্গে আরও গ্রেপ্তার হন তার বান্ধবী, আপন ভাই, দুই ভাগনেসহ ৫ জন। ১৫ জুলাই তাদেরও কলকাতার নগর ও দায়রা আদালতে তোলা হয়। এর আগে ৫ জুলাই আদালতে তোলা হলে বিচারক তাদের ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।