অন্তঃসত্ত্বা এক ভারতীয় নারী পর্যটকের মৃত্যুর জেরে পদত্যাগ করেছেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী মার্টা তেমিদো।
দেশটির গণমাধ্যম আরটিপি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, তেমিদো স্বাস্থ্যমন্ত্রীর পদে আর থাকবেন না। তিনি এই পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
লিসবনে ওই ভারতীয় নারীর মৃত্যুর খবর জানার পাঁচ ঘণ্টা পরেই পদত্যাগ করেন তেমিদো। মঙ্গলবার ওই নারীকে হসপিটাল ডি সান্তা মারিয়া থেকে হসপিটাল সাও ফ্রান্সিসকো জাভিয়ারে নেওয়া হয়েছিল। তখন হৃদরোগে আক্রান্ত হন।
জরুরি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৭২২ গ্রাম ওজনের একটি শিশুর জন্ম দেন ওই নারী। শিশুর জরুরি সেবার প্রয়োজন ছিল। ওই নারীর মৃত্যু হলেও শিশুটিকে নবজাতক কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।
করোনার সময় দেশটির ভ্যাকসিন কর্মসূচি পরিচালনায় কৃতিত্ব পেয়েছেন তেমিদো। কিন্তু চিকিৎসকের অভাবে অস্থায়ীভাবে জরুরি প্রসূতি পরিষেবা বন্ধ করার সিদ্ধান্তের জন্য সমালোচনায় পড়েন।
তেমিদো ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।