নির্ধারিত সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার বিষয়ে আবারও আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আর মন্ত্রী কথাকে সমর্থন করেই বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা মনে করছেন যে, এতে করে বাংলাদেশের দায়িত্ব আরো বেড়ে গেল।
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বাংলাদেশের অগ্রগতি নিয়েই বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।
বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি, যথা সময়েই বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পাবে। তবে এতেই যে বাংলাদেশের দায়িত্ব-কর্তব্য শেষ হয়ে যাচ্ছে, বিষয়টি তেমন নয়। পুরোটাই একটা চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে অগ্রগতি আনতে হবে।’
এ সময় জিএসপি সুবিধা ফিরে পেতে বাংলাদেশের প্রস্তুতির প্রশংসাও করেন ড্যান মজিনা।
নির্ধারিত সময়ের মধ্যে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেন্দেজের চিঠির বিষয় নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে।
তিনি বলেন, ‘১৫ এপ্রিলের মধ্যে সব কিছু ব্যাখ্যা করে আমরা আমাদের রির্পোট পাঠাবো এবং আমরা আশা করি যে, এ রির্পোটগুলো পাঠিয়ে দেবার পরে নিশ্চিই তারা বিবেচনা করবেন।’
দেশে পোশাক শিল্প খাতে মালিক-শ্রমিক বিরোধ মীমাংসা নিয়ে নতুন উদ্যোগের তথ্যও তুলে ধরেন মন্ত্রী।